ঘন কুয়াশায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে মৃত তিন!

ঘন কুয়াশায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে মৃত তিন!

ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলা। শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার গরম বস্তি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিমারা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল চারচাকা গাড়িটি। অপরদিকে, আসাম দিক থেকে আসছিল ট্রেলারটি। সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় চারচাকা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষজন ছুটে আসেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিমতি পুলিশ ফাঁড়ির ওসি মিঠুন বর্মন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনি তৎক্ষণাৎ চারচাকা গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিনজনই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকার বাসিন্দা।

এই বিষয়ে নিমতি পুলিশ ফাঁড়ির ওসি মিঠুন বর্মন জানান,“সকালের দিকে একটি ট্রেলার আসাম থেকে আসছিল এবং চারচাকা গাড়িটি (নম্বর WB 16AN 8787) হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। গরম বস্তি এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এবং সম্ভবত দ্রুত গতির জন্য দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ